ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ ডিসেম্বর) তিনি প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হন বলে শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট রামাফোসার শরীরে এখন সামান্য উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন।


সোমবার (১৩ ডিসেম্বর) পৃথক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ, বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


দ. আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, রবিবার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই শরীরে অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।


বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট রামাফোসা মহামারি করোনা প্রতিরোধী ভ্যাকসিনের সকল ডোজ সম্পন্ন করেছেন এবং তিনি মাস্ক পরেই রবিবারের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অসুস্থতা বোধ করার পর তার শরীরে কোভিড পরীক্ষা করা হয়। এরপর তাতে তিনি পজিটিভ বলে ফলাফল আসে।


প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতি অনুযায়ী- সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। এমনকি আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑